
Trust & Safety
প্রতারকরা কীভাবে আপনার গ্রুপ চ্যাটে প্রবেশ করছে এবং তাদের থেকে কীভাবে সুরক্ষিত থাকতে পারেন
PhonePe Regional|3 min read|11 June, 2026
আমাদের বাবা-মা, দাদু-ঠাকুমারা আমাদের অনেককেই গল্প শুনিয়েছেন যে, আগেকার দিনে যোগাযোগের মাধ্যম হিসেবে তারা কীভাবে টেলিগ্রাম ব্যবহার করতেন। টেলিগ্রাফ অফিসে একটি ফর্ম পূরণ করতে হতো এবং শব্দসংখ্যা অনুযায়ী টাকা দিতে হতো। আজকালকার এই ইনস্ট্যান্ট মেসেজের আদান-প্রদানের কথা তখন ভাবাই যেত না।
মেসেজিং অ্যাপ ও পেমেন্ট অ্যাপের চ্যাটের সুবিধাগুলো যোগাযোগের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে। তা সে রিয়েল-টাইম ব্যক্তিগত বা ব্যবসায়িক মেসেজিং হোক কিংবা কোনও পেমেন্ট অ্যাপের মধ্যে গ্রুপের খরচ নিয়ে আলোচনা করা হোক, ইনস্ট্যান্ট মেসেজিং আমাদের যোগাযোগের পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে।
প্রতারকরা মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য মেসেজিং ও পেমেন্ট অ্যাপে অনুপ্রবেশ করে। এই ব্লগে, এই প্রতারণা কীভাবে হয় এবং এই ধরনের জালিয়াতি থেকে কীভাবে সুরক্ষিত থাকতে পারেন, সেই বিষয়ে আলোচনা করব।
চ্যাট স্ক্যাম কীভাবে কাজ করে
মেসেজিং ও পেমেন্ট অ্যাপের ‘চ্যাট’ ও ‘গ্রুপ’ ফিচারের মাধ্যমে সাধারণ প্রতারণা যেভাবে ঘটে, তা নিচে দেওয়া হল:
- আপনি কোনও অপরিচিত ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত চ্যাটে টেক্সট মেসেজ পান অথবা আপনাকে কোনও বড় গ্রুপে যোগ করা হয়।
- চ্যাটটি “দ্রুত ধনী হওয়ার” ফন্দি, বাজি ধরার টিপস বা বিশেষ “জুয়া খেলার অ্যাপ”-এর রিওয়ার্ডে ভরা থাকে।
- প্রতারকরা একটি লিঙ্ক শেয়ার করে, যা প্রায়শই রিওয়ার্ড, ক্যাশব্যাক বা গেমিং লিঙ্কের ছদ্মবেশে থাকে।
- লিঙ্কটিতে ক্লিক করলে একটি সাইডলোডেড APK ইনস্টল হয়ে যায়। ইনস্টল হয়ে গেলে, এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে নিম্নলিখিত কাজগুলো করে:
- OTP ফরোয়ার্ড: আপনার SMS/OTP নিয়ে প্রতারকের কাছে ফরোয়ার্ড করে।
- ডকুমেন্ট অ্যাক্সেস: আপনার আধার, PAN ও অন্যান্য সংবেদনশীল ফাইলের ছবি চুরি করে।
- আপনার OTP ও পরিচয়পত্র ব্যবহার করে প্রতারক ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেয় এবং পরবর্তী অপরাধ করার জন্য সিন্থেটিক আইডেন্টিটি (আপনার আসল তথ্য ব্যবহার করে তৈরি করা নকল পরিচয়) তৈরি করে।
গ্রুপ চ্যাট স্ক্যাম থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন
সতর্কতার সঙ্গে ব্যবহার করলে ডিজিটাল পেমেন্ট ও অ্যাপ নিরাপদ। আমরা ভয় বা উত্তেজনার বশে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাড়াহুড়ো করে কাজ করে ফেলি বলেই বেশিরভাগ APK/নকল অ্যাপ-ভিত্তিক প্রতারণা ঘটে। বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে নিজেদের রক্ষা করার জন্য অ্যাপটির উৎস, ডেভেলপারের ইমেল, অনুরোধ করা অনুমতি ও যে কোনও লিঙ্কের সত্যতা যাচাই করতে কিছুটা সময় নেওয়া প্রয়োজন।
সাইবার জালিয়াতি থেকে সুরক্ষিত থাকার জন্য এখানে কিছু দ্রুত টিপস দেওয়া হল:
- চ্যাটে পাঠানো লিঙ্কের মাধ্যমে কখনও অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করবেন না। এগুলো ম্যালওয়্যার হতে পারে যা আপনার সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। কেবল Indus Appstore, Google Play Store বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন।
- আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই এমন ফোন নম্বরের মাধ্যমে শুরু হওয়া গ্রুপ বা চ্যাট সম্পর্কে সতর্ক থাকুন।
- আপনার ফোনের সেটিংসে কোন কোন অ্যাপকে “Read SMS/SMS পড়া” বা “Access Files/ফাইল অ্যাক্সেস করা”-র অনুমতি দেওয়া আছে তা নিয়মিত পর্যালোচনা করুন।
- কোনও বৈধ প্ল্যাটফর্ম বা ব্যাঙ্ক কর্মকর্তা কখনও চ্যাট বা কলের মাধ্যমে আপনার কাছে OTP চাইবেন না।
- অননুমোদিত অ্যাক্সেসের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা হিসেবে আপনার পেমেন্ট অ্যাপগুলোতে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি লক ব্যবহার করুন।
আপনি যদি একটি নকল অ্যাপ ইনস্টল করে ফেলেন তাহলে কী করবেন
- অবিলম্বে অ্যাপটি আনইনস্টল করুন।
- সাময়িকভাবে মোবাইল ডেটা ও ওয়াই-ফাই বন্ধ করুন।
- ব্যাঙ্কিং, ইমেল ও পেমেন্ট অ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
- পর্যবেক্ষণ চালু করতে বা কার্যকলাপ স্থগিত করতে আপনার ব্যাঙ্ক/পেমেন্ট পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করুন।
কীভাবে রিপোর্ট করবেন
যদি আপনার সন্দেহ হয় যে আপনি কোনও প্রতারণার শিকার হয়েছেন, তাহলে অবিলম্বে সেটি রিপোর্ট করুন:
PhonePe-তে রিপোর্ট করা:
- PhonePe গ্রুপ চ্যাট: গ্রুপটিকে প্রতারণামূলক বলে সন্দেহ হলে, আপনি গ্রুপ প্রোফাইলের নিচে “Exit/বেরিয়ে যান” ও “Report/রিপোর্ট করুন” বিকল্পে ক্লিক করতে পারেন।
- PhonePe অ্যাপ: Help/সহায়তা বিভাগে যান এবং অভিযোগ জানান।
- PhonePe কাস্টমার কেয়ার: 80-68727374 / 022-68727374 নম্বরে কল করুন।
- সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- অভিযোগ প্রতিকার: PhonePe অভিযোগ পোর্টালে অভিযোগ ফাইল করুন।
কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা:
- সাইবার ক্রাইম সেল: সাইবার ক্রাইম পোর্টালে অনলাইনে অভিযোগ ফাইল করুন অথবা 1930 নম্বরে কল করুন।
- টেলিযোগাযোগ বিভাগ (DOT): সঞ্চার সাথী পোর্টালে চক্ষু সুবিধার মাধ্যমে সন্দেহজনক মেসেজ, কল বা WhatsApp/টেলিগ্রাম জালিয়াতি রিপোর্ট করুন।
গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনও গোপনীয় বা ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করে না। PhonePe থেকে এসেছে, এমন দাবি করা সমস্ত ইমেল উপেক্ষা করুন, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে না হয়। যদি আপনার জালিয়াতির সন্দেহ হয়, তাহলে অবিলম্বে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
